কৌটো বোমা বিস্ফোরণে মাণিকচকে গুরুতর জখম এক বালিকা

আমাদের ভারত, মালদা, ১১ ডিসেম্বর: খেলার ছলে কৌটো বোমায় পা। বিস্ফোরণে গুরুতর জখম ৯ বছরের বালিকা। ঘটনাটি ঘটেছে মানিকচকের বড় বাগান নাকিরটোলার। বোমার আঘাতে ওই বালিকার পা-হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। গুরুতর আহত ওই বালিকাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত বালিকার নাম হাসিবা খাতুন(৯)। আজ দুপুর দুটো নাগাদ বাড়ির পাশে বন্ধুদের সাথে আমবাগানে খেলছিল হাসিবা। বাগানে ধুলোর মধ্যে একটি কৌটার মত কিছু দেখতে পায় হাসিবা। কৌতূহলবশত
কৌটাটিকে ফুটবলের মত পা দিয়ে আঘাত করে এবং তাতেই ঘটে যায় ভয়ানক বিপত্তি। প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে কৌটোর। বিস্ফোরণে হাসিবার হাত ও পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাসিবার হাঁটুর অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানিকচক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে।

স্থানীয়দের দাবি, হয়তোবা পরিত্যক্ত কৌটো বোমায় পা দিতে গিয়ে এই বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *