বেলদায় জনবহুল রাজ্য সড়কে মোষের আক্রমণে জখম এক মহিলা স্বাস্থ্য কর্মী, আহত একাধিক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: জনবহুল রাজ্য সড়কে মোষের আক্রমণে আহত হল একাধিক। যার মধ্যে গুরুতর আহত এক মহিলা স্বাস্থ্য কর্মী। তাকে ভর্তি করা হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকায়।

ঘটনায় জানা যায়, বেলদা থানার বড়মোহনপুর এলাকার এক শিক্ষিকা এবং একজন মহিলা স্বাস্থ্যকর্মী একসঙ্গে কাজে যোগ দিতে যাবার সময় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকার কাছে একটি দলছুট উন্মত্ত মোষ ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে আক্রমণ করে। এরপর একে একে আক্রান্ত হন ওর ধারে কাছে থাকা একাধিক জন, দাবি এলাকাবাসীদের। এরপর গুরুতর আহত ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরের এগরার এক হসপাতালে বলে সূত্রের খবর।

ঘটনার পর মোষটি জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুর এলাকায় এক ধান জমিতে দলছুট হয়ে চলে যায়। এরপর ওই আক্রমণকারী মোষটিকে ধরতে আশপাশের ধান জমির এলাকাগুলিতে পাহারা দিতে থাকে পুলিশ প্রশাসন। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। যদিও এলাকাবাসীর দাবি, মোষটি জনবহুল এলাকায় গাড়ি ঘোড়ার আওয়াজে বিভ্রান্ত হতে পারে, তবে পাগল বলে মনে হয় না তাদের। তবে প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় রাস্তা দিয়ে দিনে দুপুরে এইভাবে গরু-মোষ নিয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে এলাকা, সেইসঙ্গে বাড়ছে যানজট।

স্থানীয় সূত্রে খবর, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। তারা চাইছেন দ্রুত বন্ধ হোক এইভাবে জনবহুল রাস্তার ওপর দিয়ে গরু-মোষ নিয়ে যাওয়া। প্রসঙ্গত, বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুর এলাকায় এখনো বসে গরুর হাট। যেখানে গরু ব্যাপারীরা বিভিন্ন স্থান থেকে এই গরু মোষ নিয়ে আসেন। যার ফলে জনবহুল এই রাস্তায় বাড়ছে দুর্যোগ। তবে আজ বেলদা- কাঁথি রাজ্য সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফলে দলছুট মোষটিকে দ্রুত ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বনদপ্তর বা পুলিশ, দাবি এলাকায়বাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *