স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ অক্টোবর: আজ দুপুর বারোটা নাগাদ হঠাৎই এক কেরোসিন তেল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি কাঁঠাল বেড়িয়া যুগ্নিতলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অমল সরকার নামে এক ব্যক্তি অবৈধভাবে কেরোসিন তেল ও ডিজেল এই গোডাউনে মজুদ রাখত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে জানা যায়, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এক। মৃতের নাম রঞ্জিত বৈরাগ্য (৩৬)। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকাজুড়ে ছড়ায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।


