আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট:
স্বশাসিত মেদিনীপুর কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল একদিনের আন্তর্জাতিক আলোচনা সভা। বিষয়- “সাম্প্রতিক সংস্কৃতি ও সাহিত্যে মৃত্যু”।
আলোচনা চক্রের বক্তা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ডঃ আঁখি মুখার্জি। নিজের বক্তব্যে অধ্যাপক মুখার্জি তুলে ধরেন কীভাবে ইংল্যান্ডের অভিবাসীরা উদ্যানবিদ্যার মাধ্যমে নিজেদের নানাবিধ মানসিক ট্রমা থেকে মুক্ত হচ্ছেন, তার কথা। অধ্যাপক মুখার্জি জোর দেন মনস্তত্ত্বে প্রকৃতির প্রভাবের ওপর। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ জে ভীমাইয়া এবং হায়দ্রাবাদের ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ জীবু ম্যাথু জর্জ।

তাঁরা তাদের বক্তব্যে সাহিত্য ও দর্শনের বিভিন্ন টেক্সটে মৃত্যুর প্রভাবের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন। আলোচনা চক্রে যোগ দেন দেশ ও বিদেশের ষাটের অধিক বক্তা। গবেষণা পত্র পাঠ করতে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আসেন অধ্যাপক মিন পুন। ছিলেন কাশ্মীর, দিল্লি এবং অসমের গবেষকরা। পাশাপাশি ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকরা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর আবার এমন আলোচনা চক্রের আয়োজনে খুশি সবাই। কলেজের অধ্যক্ষ ডঃ গোপালচন্দ্র বেরা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে জানান, যে অদূর ভবিষ্যতে মেদিনীপুর কলেজ এমন আরো আলোচনা চক্রের আয়োজন করবে।

