১ কোটি ২৭ লক্ষ টাকার সোনা উদ্ধার পেট্রাপোলে, ধৃত পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ নভেম্বর: এক কোটি সাতাশ লক্ষ টাকার সোনা-সহ এক পাচারকারীকে ধরল বিএসএফ। রবিবার সন্ধ্যায় পেট্রাপোলে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ১৪৫ নং ব্যাটালিয়নের জওয়ানরা ২ কিলো ৬৬৭ গ্রাম ওজনের ১২টি সোনার বিস্কুট ও সোনার বার-সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটক করা সোনার মোট মূল্য ১ কোটি ২৭ লক্ষ টাকা।

বিএসএফের কাছে খবর ছিল, একটি ট্রাক পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে। বিএসএফ জওয়ানরা ওই ট্রাকটিকে থামান। ট্রাকটি বাংলাদেশে পণ্য খালি করে ভারতে ঢুকছিল। জওয়ানরা ট্রাকটিতে তল্লাশি চালানোর সময় ক্যাবিন থেকে ১২টি সোনার বিস্কুট ও পাঁচটি সোনার বার উদ্ধার করেন। সোনা-সহ ট্রাক চালককে আটক করা হয়। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই পাচারকারীর নাম আব্দুল জোহাব মালিক। তিনি ভারতের খলিতপুরের বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই ট্রাক চালক জানিয়েছেন, তিনি ৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। রবিবার আশিক মন্ডল নামে এক বাংলাদেশি নাগরিক বেনাপোলের বাসিন্দা তাঁর হাতে ওই সোনাগুলি দেয়। ১০ হাজার টাকার বিনিময়ে সে এই কাজ করছিল। এই সোনাগুলি বনগাঁর এক বাসিন্দার হাতে তুলে দেওয়ার কথা ছিল। অভিযুক্তকে সোনার বিস্কুট এবং ট্রাক-সহ পেট্রাপোলের শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *