অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ মার্চ:
কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরতর জখম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার এক সিভিক ভলান্টিয়ার। আহত ওই সিভিক ভলান্টিয়ার চিকিৎসাধীন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰামগামী ৯ নম্বর রাজ্য সড়কের উপর ফানিয়ামারার কাছে।আহত সিভিক ভলান্টিয়ারের নাম প্রদীপ পৈড়া, বাড়ি আলমপুর ৬ নম্বর অঞ্চলের পিড়াশিমূল গ্রামে।
জানা গেছে, এদিন ধর্মঘটের জন্য সকাল সকাল গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে ডিউটি করতে গিয়েছিলেন প্রদীপ পৈড়া। পরে ডিউটি সেরে দুপুর নাগাদ ছাতিনাশোল অভিমুখে বাড়ি ফেরার পথে ফানিয়ামারার কাছে দ্রুতগতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে গুরতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই সিভিক ভলান্টিয়ার।

