কাঁসাই নদীতে তলিয়ে এক শিশু ও এক কিশোরের মৃত্যু 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ এপ্রিল:
দাসপুর থানার বালিপোতা এলাকায় কাঁসাই নদীর জলে ডুবে ১২ বছরের এক কিশোরের এবং ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে সামাট গ্রামের সুদীপ পাত্র তার দাদুর সঙ্গে মালিপোঁতা গ্রামে এক আত্মিয়ের বাড়িতে গিয়েছিল। দুপুরবেলা দাদুকে নিয়ে সুদীপ তার আত্মীয়  ঋত্বিক ঘোষ সহ গ্রামের অন্যান্যদের সঙ্গে কাঁসাই নদীর খেয়া ঘাটে স্নান করতে নামে এবং হাঁটু সমান জলে সুদীপকে কাঁধে তুলে ঋত্বিক ছোটাছুটি করতে থাকে। সেই সময় তারা সবার নজর এড়িয়ে তলিয়ে যায়। সকলে ভাবে হয়তো তারা বাড়ি চলে গেছে। বেলা বারোটা নাগাদ বাড়ি ফিরে দাদু দেখেন সুদীপ বাড়ি ফেরেনি। এরপর খোঁজাখুঁজি শুরু করলে কাঁসাই নদীর বুকে কিছুটা দূরে ওই দুই শিশু ও কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নদীতে জল কম থাকলেও বালি তোলার কারণে বেশিরভাগ জায়গাতেই গভীর গর্ত রয়েছে এবং গর্তের পাশে চোরাবালি তাতে দুই শিশুর পা আটকে গিয়ে থাকতে পারে। তারা চোরাবালিতে ওঠার চেষ্টা করেও ক্রমশ তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *