রাজেন রায়, কলকাতা, ১৫ এপ্রিল: নববর্ষের সকালেই
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর। তবে ইতিমধ্যেই বিভিন্ন জেলার একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে সিঁদুরে মেঘ দেখছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মা। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে জ্বর-সহ অন্য একাধিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান, তাতেই রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে করিমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মঞ্চে ওঠার আগে র্যাপিড টেস্টে তাঁর করোনা ধরা পড়ে।
মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত গোয়ালপোখর এবং তপনের তৃণমূল প্রার্থীরা। করোনায় আক্রান্ত হয়েছেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীও। ২৭ মার্চ এগরায় নির্বাচনের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী অরূপ দাস।
নির্বাচন কমিশনের তরফে করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই বৈঠকে ১০টি স্বীকৃত রাজনৈতিক দলের তরফে একজন করে প্রতিনিধি হাজির থাকবেন। অন্যদিকে বামেরা জানিয়েছে, করোনা পরিস্থিতির জেরে আর বড় সভা না করে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় সকলে তাকিয়ে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকের দিকেই।

