বাংলাদেশি পাঁচারকারীদের ছোড়া গুলিতে গোয়ালপোখরে আহত এক বিএসএফ জওয়ান, ৩২৬ বোতল ফেনসিডিল সহ ধৃত ১

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি: বাংলাদেশি পাচারকারীদের ছোড়া গুলিতে আহত বিএসএফের ১৫২ নং ব্যাটালিয়নের এক জওয়ান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার তিনগাঁও ভারত- বাংলাদেশ সীমান্তে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আহত ওই জওয়ানের নাম মুকেশ চাঁদ শর্মা। তিনি গভীর রাতে তিনগাঁও ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলদারি চলার সময় ৩ থেকে ৪ জন পাঁচারকারী গোয়ালপোখর থানার গোয়ালিন এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কর্তব্যরত জওয়ানরা ওই পাচারকারীদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে পাচারকারীরা গুলি করে। পাচারকারীদের ছোড়া গুলিতে বিএসএফ জওয়ান মুকেশ চাঁদ শর্মা আহত হন। আহত জওয়ানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় এক পাচারকারীকে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা। এবং পাচারকারীদের কাছ থেকে ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ধৃত পাচারকারী মহঃ সুমনকে গোয়ালপোখর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *