চাকুলিয়ায় পাঁচ হাজার বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ এপ্রিল: শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন বড়সড় সাফল্য। আনুমানিক পাঁচ হাজার বোতল ফেন্সিডিল সিরাপ সহ গ্রেফতার এক।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চাকুলিয়া থানার মনোরা এলাকায় কানকি ফাঁড়ির পুলিশের নাকা চেকিং চলছিল। উত্তরপ্রদেশ থেকে একটি পিকআপ ভ্যান শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করানোর চেষ্টা করলে চালক পুলিশের গার্ডওয়াল ভেঙ্গে পালানোর চেষ্টা করে। পুলিশ ওই পিকআপ ভ্যানটির পিছু ধাওয়া করে। মনোরা এলাকা থেকে প্রায় চার কিলোমিটার দূরে চলন্ত অবস্থায় চালক লাফ মেরে পালানোর চেষ্টা করে এবং পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। এই ঘটনায় পুলিশ ওই গাড়ির চালককে ধাওয়া করে ধরে ফেলে।

ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ সিকান্দার। বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুর এলাকায়। ধৃতকে এদিন রায়গঞ্জ আদালতে তোলে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *