স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল: বিপুল পরিমাণ মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া এলাকার শিলিগুড়ি মোড়ে।

পুলিশ সূত্রে জানাগেছে, করণদিঘি থানার রসাখোয়ার শিলিগুড়ি মোড়ে নাকা চেকিং চলাকালীন গাড়ি সহ এক কফ সিরাপ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাদেক আনসারী। বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেঁষা সোলপাড়া গ্রামে। পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার নাকা চেকিং চলাকালীন বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক ধরে একটি স্করপিও গাড়ি পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে ছুটে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে বেগতিক দেখে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি গা ঢাকা দিতে সক্ষম হলেও অপর ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ে যায়। গাড়িতে থাকা ১৩টি বস্তা ও দুটি কার্টুন খুলতেই বেড়িয়ে আসে কফসিরাপ। আনুমানিক ৩৫০০ বোতল কফসিরাপ ও একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজার মূল্য আনুমাকি ৬ লক্ষ ৩০ হাজার টাকা বলে অনুমান পুলিশের।

বৃহস্পতিবার রাতেই গাড়িটি ট্রাক্টর দিয়ে টেনে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়। করণদিঘি থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ধৃতকে পালিয়ে যাওয়া ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। শুক্রবার ধৃত মহঃ সাদেক আনসারীকে রায়গঞ্জ বিশেষ আদালতে তোলা হয়। পাশাপাশি পলাতক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

