আইএসের একের পর এক ষড়যন্ত্র‌ ফাঁস, কর্ণাটক থেকে এনআইএ’র হাতে গ্রেফতার আরও ২ জঙ্গি

আমাদের ভারত, ১১ জানুয়ারি: কর্ণাটকের শিবমোগায় আইএসআইএ জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃত ব্যক্তিদের নাম মজিন আব্দুল রহমান এবং নাদিম আহমেদ কে এ। সারাদেশ জুড়ে আইএস গোষ্ঠীর হয়ে নাশকতার ছক কষেছিল এরা বলে দাবি এনআইএ’র। এই ঘটনায় ইতিমধ্যেই আরো চার অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ।

২০২২ সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে এক অটো রিক্সায় একটি প্রেসার কুকার বোমা ফেটেছিল। সেই ঘটনার থেকে আইএসআইএ জঙ্গি গোষ্ঠীর ষড়যন্ত্রের বিষয়টি সামনে এসেছিল। এনআইএ জানিয়েছে, গ্রেফতার হওয়া মজিন আব্দুল রহমান দক্ষিণ কানারা জেলার বেঙ্গালুর বাসিন্দা। তাকে জেহাদি ভাবনায় টেনে এনেছিল আরেক অভিযুক্ত মাজ মুনির। অন্যদিকে নাদিম আহমেদকে আইএস জঙ্গি গোষ্ঠীতে টেনে এনেছিল অভিযুক্ত সৈয়দ ইয়াসিন। নাদিম দাওয়ানগেরের বাসিন্দা।

এনআইএ’র দাবি, দু’জনকেই ভারতে আইএস গোষ্ঠীর নাশকতা মূলক কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরা দুজনেই বিভিন্ন জায়গা ঘুরে দেখে সেইসব জায়গায় হয় নাশকতা কিংবা অগ্নি সংযোগ করেছিল বা করার চেষ্টা করেছিল। আসলে এগুলি ছিল ভারতে ইসলামিক স্টেটের কার্যকলাপ বৃদ্ধির অন্যতম বড় ষড়যন্ত্রের অংশ।

প্রাথমিকভাবে ২০২২ সালের ১৯শে সেপ্টেম্বর কর্ণাটকের গ্রামীণ থানায় এই ধরনের নাশকতার অভিযোগে একটি
এফআইআর দায়ের হয়েছিল। পরে ২০২২ এর ৪ নভেম্বর এই মামলার তদন্তভার নেয় এনআইএ। গত সপ্তাহে মামলার তদন্তের কাজে কর্ণাটকের ছয়টি জায়গায় হানা দেয় ওই সময়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে। নিশান তাজুদ্দিন শেখ এবং হুজির ফারহান বেগ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এনআইএ। নিশান একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। উদুপী জেলার ব্রহ্মপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি ওই কুকার বোমা বহন করা অভিযুক্ত মহম্মদ শারিককেও গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *