জয় লাহা, দুর্গাপুর, ১৩ এপ্রিল: ফের দামোদর নদ পেরিয়ে এক জোড়া দাঁতাল ঢুকল গলসিতে। আর তাতেই আতঙ্কে ঘুম ছুটেছে গলসির চাষীদের।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ভোরে দামোদর নদ পেরিয়ে দুটি হাতি বুদবুদের কসবায় ঢোকে। বেলা গড়াতেই তারা সেখান থেকে গলসির সিমনোড় সংলগ্ন সেচ ক্যানেলের কাছে চলে আসে। বন দফতর সুত্রে জানা গেছে, দুটি দাঁতাল হাতি।
গলসি মুলত কৃষি প্রধান এলাকা। সম্প্রতি বোরো ধান চাষ হয়েছে। মাঠ ভরা সবুজ ধান। ইতিমধ্যেই হাতির পায়ে নষ্ট হয়েছে কয়েক একর জমির ধান। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন চাষীরা। গত নভেম্বর মাসের গোড়াতে প্রায় ৫০ টি হাতির দল দামোদর নদ পেরিয়ে গলসি ও আউশগ্রাম এলাকার ধান ক্ষেতে তাণ্ডব করে। গলসির শিড়রাই গ্রামে হাতির আক্রমণে এক গ্রামবাসী জখমও হয়। ওইসময় গলসির শিড়রাই, রামগোপালপুর, পোতনা, পুরষা, উচ্চগ্রাম সহ একাধিক এলাকায় হাতির তান্ডবে পাকা ধান নষ্ট হয়। প্রায় আড়াই’শ হেক্টর জমির ধান নষ্ট হয় হাতির পায়ে। ওইসময় হাতি দল বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠাতে কার্যত নাকাল হয়ে পড়েছিল বনকর্মীরা। তারপর আবারও হাতি ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার চাষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনকর্মীরা। পানাগড় রেঞ্জার সুভাষ পাল জানান, “নজরে রাখা হয়েছে। হাতি দুটি বাঁকুড়ার জঙ্গলে পুনরায় ফেরত পাঠানো হবে।”

