জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুন: বুধবার নিজেদের বিবাহ বার্ষিকীর দিন রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষক দম্পতি। এদিন মেদিনীপুর শহর সংলগ্ন তলকুই-এর বাসিন্দা মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুমন সামন্ত ও তাঁর স্ত্রী পাহাড়িপুর গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুনীতা সামন্ত’র পঞ্চদশ বিবাহ বার্ষিকী ছিল।

এদিন সকালে তাঁরা মেদিনীপুর শহরের রেড ভলান্টিয়ারদের হাতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী কেনার জন্য তিন হাজার টাকার চেক তুলে দেন। রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে শিক্ষক দম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। ভলান্টিয়ারদের পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামাণিক, মৃণাভ শুর, কৌশিক চক্রবর্তী প্রমুখ।

