গাজন দেখে ফেরার পথে গঙ্গাজঘাঁটিতে লরি চাপা পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: গাজন দেখে ফেরার পথে ছাই বোঝাই লরি চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় আরেকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাঁটি থানার অমরকানন আশ্রম মোড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বুধন মন্ডল (৪৭)। বাড়ি স্থানীয় পাবড়াডিহি গ্রামে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, মেজিয়া বিদ্যুৎ প্রকল্প থেকে ২৪ ঘন্টা ধরে অসংখ্য লরি ফ্লাই অ্যাশ নিয়ে যাতায়াত করে। অধিকাংশ গাড়িতে খালাসি থাকে না বলে অভিযোগ তাদের। এতবড় গাড়ি নিয়ন্ত্রণহীন ভাবে যাতায়াত করে। ফলে দুর্ঘটনা ঘটছে প্রায় দিন। তারা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন। পুলিশি হস্তক্ষেপে প্রায় ঘন্টা দেড়েক পর অবরোধ ওঠে। তারপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানাগেছে, মৃত বুধন মন্ডল তার বন্ধুকে নিয়ে স্থানীয় কেশিয়াড়া গ্রামে গাজন মেলা দেখে বাইকে করে ফিরছিলেন। অমরকাননে জাতীয় সড়কে উঠতেই গাড়িটি তাদের ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাদেরকে অমরকানন হাসপাতালে নিয়ে গেলে বুধনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *