সাথী দাস, পুরুলিয়া, ১২ জুলাই: পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়ে গেল দুর্গাপূজার প্রস্তুতি। রথ যাত্রা উপলক্ষে রীতি ও প্রথা মেনে কোথাও কুমোর পাড়া থেকে মৃন্ময়ীরূপী দুর্গা প্রতিমার দালানে প্রবেশ হল, কোথাও আবার পরম্পরা মেনে দুর্গার খড়ের কাঠামোতে মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু হল। পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলের বনেদি বাড়ি এবং বারোয়ারী পুজোয় এই দৃশ্য দেখা গিয়েছে এদিন।
পুরুলিয়া শহরের সাধুরডাঙ্গা এলাকায় বাগালবাবার আশ্রমে সাত দশকের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। আজকের এই বিশেষ দিনে কুমোর পাড়া থেকে তিন মাটি চড়ানো মৃন্ময়ী আচার নিয়ম মেনে ঠাকুর দালানে নিয়ে যাওয়া হল।

পুরুলিয়া শহরের নামোপাড়ায় নীলকন্ঠ পরিবারের প্রাচীন পুজোর প্রস্তুতি করোনা আবহেও। কাঠামোতে মৃৎ শিল্পী মাটি দিয়ে মূর্তি গড়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন আজ। প্রাচীন পারিবারিক পুজোর এই রীতি ও পরম্পরা মলিন হয়ে যায়নি। নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের ঠাকুরদালানে রথযাত্রার দিন এই আচার এবারেও দেখা গেল।
স্থানীয় বাসিন্দা চ্যাটার্জি পরিবারের ঘনিষ্ঠ সুদিন অধিকারী বলেন, ‘পারিবারিক পুজোর রীতি আমাদের আবেগ উসকে দেয়। পুজো প্রস্তুতির এক-একটা পর্যায় আমাদের প্রত্যাশায় পৌঁছে দেয়। নামোপাড়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের এই পুজো পারিবারিক হলেও প্রতিটি পুজোর পর্যায় সমান ভাবে উপভোগ করি আমরা। কয়েক দিন আগে পরিবারের বরিষ্ঠ সদস্য মারা যাওয়ায় শোকাচ্ছন্ন আবহে এই রীতি পালন হল আজ।’

