শেষ দিনে পুরুলিয়া জেলায় মনোনয়ন পত্র জমা দিলেন বিদায়ী মন্ত্রী বিধায়ক সহ বহু নতুন মুখ

সাথী দাস, পুরুলিয়া, ৯ মার্চ: শেষ দিনে পুরুলিয়া জেলায় মনোনয়ন পত্র জমা দিলেন বিদায়ী মন্ত্রী, বিধায়ক সহ বহু নতুন মুখ। বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানী টুডু মানবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এই নিয়ে টানা তিন বার একই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তিনি। আজ মানবাজার মহকুমা শাসকের হাতে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। তার আগে পুঞ্চার চরণ পাহাড়ি মন্দিরে পুজো দেন তিনি। পরে শোভাযাত্রা করে মনোনয়ন পত্র দেওয়ার জন্য যান। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দারও এদিন মনোনয়ন পত্র জমা দেন। মানবাজার মহকুমা শাসকের হাতে মনোনয়ন পত্র জমা দেন বান্দোয়ান কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক রাজীব লোচন সরেন।

পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়ন পত্র জমা দেন পুরুলিয়া সদর মহকুমাশাসকের কাছে। ওই কেন্দ্রেই বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক সুদীপ মুখার্জিও আজই তাঁর মনোনয়ন পত্র জমা দেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের জোট প্রার্থী ছিলেন সুদীপ মুখার্জি। ভোটের মুখে বিজেপিতে যোগদান করেন তিনি।

পাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক উমাপদ বাউরি তাঁর মনোনয়ন পত্র জমা দেন রঘুনাথপুর মহকুমাশাসকের কাছে। এছাড়া অন্যান্য কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক ও নির্দল প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। এঁদের মধ্যে অধিকাংশই নতুন মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *