স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতীয়দের টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়া বন্ধ, সমস্যায় যাত্রীরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: ভারতীয়দের টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়া বন্ধ করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার সকাল থেকে টুরিস্ট ভিসা বাতিল হওয়ায় সমস্যায় যাত্রীরা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সাম্প্রতিক চালু হয়েছিল টুরিস্ট ভিসা। এই ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতো প্রচুর ভারতীয় যাত্রী। হঠাৎ করে শুক্রবার সকাল থেকে ভারতীয় যাত্রীদের বাংলাদেশ যাওয়া বন্ধ হল।

এদিন দূরদূরান্ত থেকে যাত্রীরা বাংলাদেশ যাওয়ার জন্য পেট্রাপোল বন্দরে এসে জানতে পারে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে হঠাৎ করে ভারতীয় যাত্রীদের বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠিক কি কারণে যাওয়া বন্ধ তাঁর সদুত্তর এখনও কেউ জানেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে পেট্রাপোল ফিরতে হয়েছে তাদের। হঠাৎ করে বন্ধ টুরিস্ট ভিসা করে দেওয়ার ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য পেট্রাপোল বন্দরে এসে না যেতে পেরে অচিন্ত্য রায় চৌধুরী নামে এক যাত্রী জানান, আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়া টুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে ভীষণ সমস্যায় পড়তে হয়েছে আমাদের। ফের বাড়ি ফিরতে হচ্ছে।

এই বিষয়ে পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন দপ্তর থেকে জানানো হয়েছে, গৃহ মন্ত্রকের নির্দেশে ভারতীয়দের টুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ জানতে চাইলে সাংবাদিকদের সামনে কোনও রকম মন্তব্য করতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *