প্রতীতি ঘোষ৷ ব্যারাকপুর, ১৫ এপ্রিল: ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে প্রচারে টক্কর দিচ্ছে। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ইতিমধ্যেই নাকি বলতে শুরু করেছেন, তিনি জিতে গেছেন। এবার বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে বললেন, আমি জিতব।
আজ নববর্ষের শুরুতে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা ডা. চন্দ্রমণি শুক্লা। প্রচার এর ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, “ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী যেখানে যাচ্ছেন সেখানে একটা কথা বলেছেন, উনি নাকি ভোটে জিতে গেছেন। কিন্তু অমি জানি না কবে ভোট হলো। আমি জানি আগামী দিনে ভোট হবে। আর ২ তারিখ ফল বেরবে, আর তাতে আমিই জিতবো।”

নববর্ষের সকালে ভোটের প্রচার শুরুর পর তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী কে এভাবেই এক হাত নিলে ব্যারকপুরের বিজেপি প্রার্থী চিকিৎসক চন্দ্রমণি শুক্লা। নববর্ষের দিন সকাল বেলা বারাকপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। প্রচারের ফাঁকে জানান, “আমি প্রচারে বেরিয়ে মানুষের ভালো সাড়া পাচ্ছি। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে চায়। তৃণমূলের কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছে মানুষ। ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলেও কাট মানি দিতে হয়।”
আজ বিভিন্ন পাড়ার বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সেরে ফেললেন তাঁর ভোট প্রচার।

