পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যের উদ্যোগে বিমান পরিষেবা চালু করার আশ্বাসকে হাতিয়ার করে বালুরঘাটে পুরভোট প্রচারে জোর তৃণমূলের। শুক্রবার বিকেল থেকে শহরজুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মাঠে নামেন রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
এদিন প্রথমেই বালুরঘাটের ৪ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল প্রার্থী নীতা নন্দী ও বিপ্লব খাঁর হয়ে প্রচার ঝড় তোলেন মন্ত্রী। যার হাত ধরেই এদিন এলাকার প্রায় ১৭ টি পরিবার বাম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি। যাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন শহরের শিবতলী এলাকায় তৃণমূলের ওই প্রচার সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা সহ এলাকার অনান্য তৃণমূল নেতৃত্বরা। যেখানে বক্তব্য রাখবার সময় মন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি। আগামী দু’ থেকে তিন মাসের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে বালুরঘাটের আকাশে যে বিমান উড়তে চলেছে তাও এদিন একপ্রকার নিশ্চিত করেছেন তিনি। একইসাথে শহরজুড়ে পুরপরিষেবার যে কিছুটা খামতি রয়েছে তা স্বীকার করে নিয়েই একাধিক উন্নয়নের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।
বিপ্লব মিত্র বলেন, শহরের ড্রেনেজ সিস্টেমকে পালটে দেওয়াই তাদের মূল লক্ষ্য। বেশকিছু জায়গায় জলের যে সমস্যা রয়েছে তার সমাধান ঘটবে। একইসাথে পানীয় জল, রাস্তাঘাট সহ আরো বেশ কিছু নতুন পরিকল্পনা তৃণমূল সরকারের রয়েছে এই বালুরঘাট শহরের জন্য। একইসাথে এদিন তাদের প্রার্থীদের শহরজুড়ে বিপুল ভোটে জেতাবার জোড়ালো আবেদনও জানিয়েছেন মন্ত্রী।

