সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭জানুয়ারি: দেশ থেকে সাম্প্রদায়িক, স্বৈরাচারী ও বিভেদকামী শক্তিকে উৎখাতের শপথ গ্রহণ করলেন বাঁকুড়া রেলওয়ে গুডস সেডে কর্মরত মুটিয়া মজদুরেরা। বামপন্থী নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাঁকুড়া রেলওয়ে গুডস শেডের মুটিয়া শ্রমিকরা এই শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান মুটিয়া মজদুর ইউনিয়নের সভাপতি প্রতীপ মুখার্জি।
জ্যোতি বসু’র নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর বিশেষ করে মুটিয়া মজদুরেরা মজুরি বৃদ্ধির পাশাপাশি যেভাবে বোনাস, ওভারটাইম, উৎসবকালীন দিনগুলিতে সবেতন ছুটি, কর্মরত অবস্থায় দুর্ঘটনা ঘটলে তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রভৃতি যে দাবিগুলি আদায় করেছেন তা এক কথায় অভূতপূর্ব বলে উল্লেখ করে শ্রী মুখার্জি বলেন, “বিজেপি অসভ্য, বর্বরদের দল। সভ্য সমাজে বিজেপি’র কোনো স্থান থাকা উচিত নয়।” প্রয়াত বসুর বলা কথাগুলি যে কতখানি সত্য তা আজ মানুষ ঠারে ঠোরেই অনুভব করছে।
জ্যোতি বসু যথাযথভাবেই বলেছিলেন, “তৃণমূলের সবচেয়ে বড়ো অপরাধ হলো বিজেপিকে এই রাজ্যে ডেকে আনা।” আর এই দুটো দলই সাম্প্রদায়িকতাকে “প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা”য় পরিণত করে গোটা রাজ্যের মানুষকেই বিভক্ত করতে উঠে পড়ে লাগায় তা রাজ্যের সামনে বড়ো বিপদ হিসেবে এসে পড়েছে। শ্রমজীবীদের ঐক্যবদ্ধ রাখতে এই সমস্ত বিপদের বিরুদ্ধে লড়াই জারি রাখার শপথ গ্রহণ করলেন আজ মুটিয়া মজদুরেরা।
ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস, ছোটু দালাল ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

