খেলা হবে দিবসে কেশিয়াড়ীতে দুই মহিলা দলের ফুটবল ম্যাচ

জে মাহাতো, মেদিনীপুর, ১৬ আগস্ট: সোমবার খেলা হবে দিবস উপলক্ষ্যে কেশিয়াড়ী ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে দুটি মহিলা দলের মধ্যে প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচের হল। কেশিয়াড়ী বিমলেশ্বর ফুটবল ময়দানে দুটি দলের খেলোয়াড়দের পরিচিতির মধ্য দিয়ে ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডী।

প্রদর্শনী ম্যাচে কামারচৌকি আদিবাসী বিরাম স্মৃতি ক্লাব এবং কে ডি পন্ডিত রঘুনাথ মুর্ম্মু সোসাইটির মধ্যে খেলা হয়। কে ডি পন্ডিত রঘুনাথ মুর্ম্মু সোসাইটি বিজয়ী হয়। দুটি দলের হাতেই ট্রফি ও ফুটবল তুলে দেওয়া হয়।

একইসঙ্গে এদিন কেশিয়াড়ী ব্লক এলাকার প্রায় ১৬০টি ক্লাবের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়। কেশিয়াড়ী ব্লক যুব আধিকারিক জানান, সরকারী নির্দেশিকা মেনে এদিনের এই কর্মসূচি পালিত হচ্ছে। মূলত গ্রাম বাংলায় খেলাকে জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ বলে জানান তিনি।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খেলা হবে দিবস নামে রাজ্যে নতুন প্রকল্প আনা হবে। জানিয়েছিলেন, শুধু প্রকল্প নয় রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করবে। ওইদিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে। ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। খেলা হবে প্রকল্পের লক্ষ্যই হবে ফুটবলকে বাংলার ঘরে-ঘরে পৌঁছে দেওয়া। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের সময়ে তৃণমূলের খেলা হবে স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল ঘাসফুল শিবিরে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়াড়ী ব্লক যুব আধিকারিক সোমনাথ ঘোষ, যুব কল্যাণ দপ্তরের আপার ডিউটি আধিকারিক অনির্বান চ্যাটার্জি সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *