প্রতিষ্ঠা দিবসেই নিট এবং জেইই পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদের

রাজেন রায়, কলকাতা, ২৭ আগস্ট: ছাত্র-ছাত্রীদের স্বার্থকে সামনে রেখে সারা দেশের যাবতীয় অবিজেপি শক্তিকে একজোট করতে বুধবার সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরের শুরুতে ওই পরীক্ষা হওয়ার আগেই যে আন্দোলন আরও বৃহত্তর স্তরে নিয়ে যেতে হবে, তা বুঝতে পেরেই শুক্রবার বেলা ১২টা থেকে ১টা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বুধবারই নবান্নে দেশের সর্বদলীয় বৈঠকে ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিট এবং জয়েন্ট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে একত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে টুইটও করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। কিন্তু তার পরেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, ১৭ লক্ষ পরীক্ষার্থী নিজেদের অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছেন অর্থাৎ তারা পরীক্ষা দিতে মরিয়া।

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন নিজের কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিট ও জেইই প্রসঙ্গ স্বাভাবিক ভাবেই আসবে। ঘোষিত হতে পারে পরবর্তী কর্মসূচিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *