আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ অক্টোবর: ছট পুজোয় ঘাটে ব্যস্ত পরিবার। আর সেই সুযোগকে কাজে লাগালো দুষ্কৃতীরা৷ জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ায় দীনেশ ঠাকুরের বাড়ির পিছনের জানালা ভেঙ্গে সোনা ও রুপোর গয়না সহ নগর প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল। শহরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে শহরবাসী। কোতোয়ালি থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

দীনেশবাবু বলেন, আজ ভোর তিনটে নাগাদ পরিবারের সকলে কিং সাহেবের ছট ঘাটে গিয়েছিলাম পুজো দিতে। সকালে ফিরে এসে দেখি ঘরের দরজা ঠিকই আছে। পিছনের গ্রিল ভাঙ্গা। ঘরের সব কিছু লণ্ডভণ্ড। এরপরেই নজরে পরে সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা চুরি হয়েছে। থানায় জানানো হয়েছে।”
এদিকে দিন কয়েক আগে শহরের ওয়াকারগঞ্জে চুরির ঘটনা ঘটেছিল, এখনো তার কিনারা হয়নি। মন্দিরে চুরির ঘটনা প্রায় দিনই ঘটছে। পুলিশের জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

