অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: দশমীর দিন বিকেলে গোপীবল্লভপুর থানার ধর্মা চকের কারে ৯ নং রাজ্যে সড়কের উপর বাইক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল তিন। উল্লেখ্য, বিজয়া দশমীর দিন অর্থাৎ বুধবার ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার ধর্মা চক এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দিন ওই ঘটনায় মারা যায় দু’জন। মৃত এক যুবকের নাম সুমন পৈড়া (২৩)। বাড়ি নয়াগ্রাম থানার ঝরিয়া গ্রামে। আর বাকি আর একজনের নাম জয়ন্ত সিং (২৪)। বাড়ি গোপীবল্লভপুরের বাঁধগোড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে দশমীর দিন বিকেলে গোপীবল্লভপুরের হাতিবাড়ি যাওয়ার পিচ রাস্তার ধর্মা চক এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন পৈড়ার। এবং গুরুতর আহত হয় পাঁচ জন যুবক। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষজন ও গোপীবল্লভপুর থানার পুলিশ উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় গুরুতর জখম চিকিৎসাধীন বিশ্বহরি সিংকে আজ কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।

