গাইঘাটায় বাড়ি ফেরার পথে কোপানো হলো ব্যাবসায়ীকে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ জুন: এক ব্যাবসায়ীকে কুপিয়ে খুন করে তার বাড়ির সামনে ফেলে পালালো দুষ্কৃতীরা। মৃত ব্যবসায়ীর নাম নিত্যরঞ্জন বিশ্বাস (৪৩)। তার মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর হাজরা তলায়। সূত্রের খবর, নিত্য হোটেল ব্যাবসার পাশাপাশি নিষিদ্ধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, নিত্যর ঠাকুরনগর রেল লাইনের পাশে একটি হোটেল রয়েছে। বিকেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১১টা নাগার বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই এলারার বাসিন্দা মন্মথ রায়। তিনি নিত্যর বাড়ির সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে নিত্যর বাড়ির সদস্যদের ডেকে তাদের নিয়ে নিত্যকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মন্মথ রায় বলেন, নিত্যর মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী বলেন, আমার স্বামীর কোনো শত্রু ছিল না। ব্যবসায়িক কোনো অশান্তি কারও সঙ্গে ছিল কি না আমি জানি না। অভিযুক্তদের শাস্তির দাবি জানান তিনি। ভোটের আগে এই ভাবে একের পর এক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক অতঙ্কের সৃষ্টি হয়েছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়ীক পুরনো কোনো শত্রুতার জেরে খুন করা হতে পারে নিত্যকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *