আমাদের ভারত, ৪ এপ্রিল: শান্তি বিঘ্নকারীদের রেয়াত করা হবে না। রিষড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রিষড়ার ঘটনায় উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে আজই কলকাতায় চলে আসেন রাজ্যপাল। দমদম বিমানবন্দর থেকেই চলে যান রিষড়ায়। গতকাল রাতে যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছিল এইসব এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেন।
গতকাল রাতে রিষড়া স্টেশন এবং সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রায় তিন ঘন্টা ধরে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে তারা পাথর, কাচের বোতল ছুড়তে থাকে। পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছু গুমটি দোকান পুড়িয়ে দেওয়া হয়। রাত একটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ সকালেই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় চলে আসেন রাজ্যপাল।বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, যারা গতকাল এই ঘটনা ঘটিয়েছে তাদের বরদাস্ত করা হবে না। অশান্তির জেরে মানুষের ভোগান্তি হচ্ছে। রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই তিনি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যান রিষড়ায়। গতকাল রাতে যেখানে রেল অবরোধ করে এবং পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল প্রথমে সেখানে যান। সেই এলাকা তিনি ঘুরে দেখেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি যান রিষড়া স্টশনে। সেখানে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি রিষড়া থানায় যান। রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য এলাকার বহু মানুষ দাঁড়িয়ে ছিল। রাজ্যপালকে তারা জানান আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকালের ঘটনায় বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছিল। রাজ্যপাল জানান, দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে। এরপর তিনি সোজা চলে যান কলকাতায় এসএসকেএম হাসপাতালে। গতকালের ঘটনায় যারা আহত হয়েছেন সেখানে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

