আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ অক্টোবর: মেয়ের জন্মদিনে দুঃস্থদের মধ্যে বস্ত্র এবং চাল বিতরণ করেছিলেন। এবার নিজের জন্মদিনে করোনা রোগীদের সাহায্যার্থে পাঁচটি অক্সিজেন দান করলেন এক যুবক। কথা ছিল ধুমাধাম করে পালন করবেন মেয়ের ষষ্ঠতম জন্মদিন। করোনা আবহে প্রথম দিন থেকে এলাকার মানুষের পাশে থেকে নজির গড়েছেন বিজয়কৃষ্ণ মণ্ডল।
বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারি পাড়ার বাসিন্দা বিজয়কৃষ্ণ মণ্ডল।
পেশায় ওষুধ ব্যবসায়ী বিজয়বাবুর দুই ছেলেমেয়ে। বড় ছেলে শুভদীপ, ছোট মেয়ে অনুষ্কা। গতবছরের ১৫ অক্টোবর মেয়ের ষষ্ঠতম জন্মবার্ষির দিনে অন্যান্যবার আত্মীয়স্বজন, প্রতিবেশী নিয়ে তিন শতাধিক মানুষকে আমন্ত্রণ জানিয়ে ভুরি ভোজ না করিয়ে দুঃস্থ মানুষদের পুজোয় নতুন কাপড় এবং দশ কেজি চাল দেন তিনি। করোনা মহামারি এবার আরও কাবু করেছে দেশকে। তাই মেয়ের পর এবার নিজের জন্মদিনে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন বিজয়বাবু। জন্মদিনের সমস্ত খরচ বাঁচিয়ে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার মজুত করলেন করোনা রোগীদের জন্য। রামপুরহাটের মানুষ চাইলেই করোনা রোগীর জন্য বিনামূল্যে পাবেন ওই অক্সিজেন সিলিন্ডার। সিলিন্ডার পাড়ার একটি পুজো মণ্ডপের হাতে তুলে দেন বিজয়বাবুর বাবা বিশ্বনাথ মণ্ডল ও মা রানু মণ্ডল। বিজয়বাবু বলেন, “ঘটা করে না হলেও বন্ধুদের নিয়ে প্রতিবছর জন্মদিন পালন করি। এবার সেই আড়ম্বর বাদ দিয়ে করোনা রোগীদের পাশে থাকার চেষ্টা করলাম। কারন প্রায় প্রতিদিন খবরে দেখছি অক্সিজেন অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। তাই ভেবেচিন্তে অক্সিজেন সিলিন্ডার কেনার সিদ্ধান্ত নিলাম। এতে পাঁচজন মানুষের উপকার হলেও আমার স্বপ্ন সার্থক হবে”।
স্থানীয় বাসিন্দা সন্তোষ সাহা বলেন, “বিজয়কৃষ্ণ মণ্ডল করোনার প্রথমদিন থেকে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। প্রথম দিকে স্যানিটাইজার, মাস্ক বাড়ি বাড়ি বিতরণ করেছে। মেয়ের জন্মদিনে সাড়ে ন’শো পরিবারকে বস্ত্র এবং চাল বিতরণ করেছে। এবার অক্সিজেন কিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। ওই অক্সিজেন বিনামূল্যে পাওয়া যাবে”।

