মিলন খামারিয়া, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর: গোপাষ্টমীর পূণ্য তিথিতে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় গো-মাতার পুজো করা হল।
সোমবার গো-মাতাদের সকাল বেলায় স্নান করিয়ে, তাদের মাথায় তেল-সিঁদুর ও গলায় মালা দিয়ে, নৈবেদ্য সহ পুজো করা হয়। গো-মাতাদের প্রদক্ষিণ করে আরতি করা হয়। তারপর গো-মাতাদের পছন্দের খাবার খাওয়ানো হয়।
ভারতীয় কিষাণ সংঘের চারটি মূল পালনীয় দিনের মধ্যে একটি হল গো-মাতা পূজন। মূলত ভারতীয় কিষাণ সংঘের ডাকেই এই কর্মসূচি পালিত হয়েছে।

এদিনই প্রথম ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়েছিলেন বৃন্দাবনের গো-মাতাদের নিয়ে। এই পূণ্য তিথিকে স্মরণ করার জন্যই ভারতীয় কিষাণ সংঘ গো-মাতা পূজন করে থাকে।
এদিনের কর্মসূচি সম্পর্কে ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি ও অখিল ভারতীয় কার্যকারিণীর সদস্য কল্যাণ কুমার মন্ডল বলেন, “নিজের আপন মায়ের পরেই গো-মাতার স্থান। ছোটো থেকে আমরা গো-মাতার দুধ পান করেই বড় হয়েছি। ভারতীয় দেশি জাতের গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর। এই দেশি গরু পালনের উপর জোর দিতে হবে। পাশাপাশি গো-পালনেও মানুষকে উৎসাহিত করতে হবে। ভারতীয় কিষাণ সংঘ সেই কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করে চলেছে। দেশি গো-মাতাদের শ্রীবৃদ্ধি হোক ও বাঙালির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসুক, এই পূণ্য তিথিতে ভগবানের কাছে এই কামনাই করছি।”

