আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর: করোনা কাটিয়ে ২৫ ডিসেম্বর পিকনিক শুরু হল জলপাইগুড়ির তিস্তা পাড়ে। এক দিকে ২৫ ডিসেম্বর, অন্যদিকে রবিবার ছুটির দিনকে হাতছাড়া করতে চাননি অনেকেই। এই কারণে এ দিন তিস্তার জুবলি পার্ক সংলগ্ন নদীর চরে পিকনিকে মেতে উঠল আট থেকে আশি সকলেই।

এদিকে পিকনিক করতে আসা সাধারণ মানুষের দাবি, পানীয় জল, ডাস্টবিল ও শৌচাগারের ব্যবস্থা করা প্রয়োজন। করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতেই পিকনিকে আনন্দে মেতে উঠলেন সকলে। এ দিন থেকে পিকনিক শুরু হল, জানুয়ারি মাস পর্যন্ত চলবে পিকনিকের আসর। এ দিন এক নম্বর স্পার থেকে নয় নম্বর স্পার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল একাধিক পিকনিকের দল।

তবে পরিবেশ প্রেমীদের দাবি, তিস্তার চরে পিকনিককে কেন্দ্র করে পরিবেশ নোংরা হচ্ছে। এই কারণে পরিস্কার পরিচ্ছন্নের বিষয়টি প্রশাসনের দেখা উচিত। পিকনিকে আসা এক শহরবাসী বিদিশা চক্রবর্তী বলেন, “তিস্তার চরে প্রচুর মানুষ পিকনিকে সামিল হয়। কিন্তু পানীয় জলের অভাব, ডাস্টবিন ও শৌচাগার নেই। প্রশাসনের বিষয়টি দেখা উচিত।”
আরও একজন অজয় শীল বলেন,”করোনা কাটিয়ে আনন্দে মেতে উঠেছি। তবে পরিস্কার পরিচ্ছন্নের দিকটা দেখলে ভাল হয়।”

