আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: গত ২৪ ঘন্টায় ১০০–র বেশি ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। ক্রমবর্ধমান এই ওমিক্রন আক্রান্তের সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য যেন সব দিক থেকে প্রস্তুত থাকে, চিঠি দিয়ে জানাল কেন্দ্র। ওষুধ থেকে শুরু করে অক্সিজেন সরবরাহ কোথাও যেনো কোনো ঘাটতি না থাকে। কোভিড বিধি পালনে যেনো কোনও রকম শিথিলতা তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখার কথাও বলা হয়েছে। ভিড় এড়াতে কারফিউ বা লকডাউন বলবৎ করা যেতে পারে।
একইসঙ্গে ওমিক্রন নিয়ে যাতে কোনো ভুল তথ্য না ছড়ায় সে ব্যাপারেও রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। চিঠিতে রাজ্য সরকারকে বলা হয়েছে, প্রয়োজনে নিয়মিতভাবে সংবাদমাধ্যমকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এবং অন্যান্য তথ্য জানাতে হবে। ওমিক্রনকে কিভাবে মোকাবিলা করা যায় সে ব্যাপারে সচেতন করতে হবে রাজ্যবাসীকে।
রাজ্যের মুখ্য সচিবকে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা এই বিষয়ে চিঠি দিয়েছেন। দুই পাতার চিঠিতে নয়টি পয়েন্ট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সাবধানতা এবং সর্তকতাতে।
উৎসব এবং বিয়ের মরশুমে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে মাস্কহীন জমায়েত চোখে পড়েছে। বারবার সেই বিষয়ে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। সোমবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮। দেশের ১৯ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। সারা বিশ্বের ১১৬টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে রাজ্যকে এই পরিস্থিতিতে বিশেষভাবে সতর্ক হতে বলেছে কেন্দ্র।
খেয়াল রাখতে হবে, রাস্তাঘাটে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে। জমায়েত আটকাতে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পড়ার ক্ষেত্রে রাজ্যবাসী যাতে অবহেলা না করে সে ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে। পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকা করন এবং করোনাবিধি পালন,এই পাঁচটি ক্ষেত্রে কোনো রকম শিথিলতা যেন না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভিড় আটকানোর জন্য প্রয়োজনে লকডাউনের মতো বিধিও বলবৎ করতে বলা হয়েছে।

