সাথী দাস, পুরুলিয়া, ৮ ডিসেম্বর: ডাইনি সন্দেহে এক ৭০ বছরের বৃদ্ধাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী কয়েকজন মহিলার বিরূদ্ধে। আক্রান্ত ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানার গাড়াফুসড় গ্রামে।

গত কয়েক বছর ধরে গ্রামের প্রতিবেশী অমর মাহাতোর স্ত্রী সন্ধ্যা মাহাতো মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত রবিবার সন্ধ্যায় অসুস্থ সন্ধ্যা মাহাতো উদ্মাদ অবস্থায় বাড়ি থেকে ছুটে বেরিয়ে যান। গ্রামের ৭০ বছরের বৃদ্ধা কৌশল্যা মাহাতোর বাড়ির সামনে চলে আসেন এবং সেখানেই তিনি পড়ে যান। অভিযোগ, তারপর রবিবার রাত ৮ টা নাগাদ অমর মাহাতো এবং তার পরিবারের ৪ জন সদস্য বৃদ্ধা কৌশল্যা দেবীর বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকে এবং তাঁকে বাড়ির বাইরে নিয়ে এসে খুন করার হুমকি দেয়।
কৌশল্যা দেবী বলেন, আমার জন্যেই নাকি প্রতিবেশী ঐ গৃহবধূ অসুস্থ হয়েছেন। আমাকে ডাইনি বলে চিৎকার করতে থাকে। খুনের হুমকি দেয় ওরা।
ঘটনার পর কৌশল্যা দেবীর পরিবার আতঙ্কে রয়েছেন। এই ঘটনায় মফস্বল থানায় অমরের পরিবারের ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বৃদ্ধা। মফস্বল থানার পুলিশ গ্রামে অভিযুক্তদের বাড়িতে গিয়ে থানায় দেখা করতে বলেন।

জেলায় কু-সংস্কার একটি বড় সমস্যা। গ্রামের কোনও ব্যক্তি বা শিশু অসুস্থ হয়ে পড়লেই সেই গ্রামের মূলত বৃদ্ধ বৃদ্ধাদের দায়ী করা হয়। এই ঘটনায় বিচলিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা শাখা এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। আজ ওই গ্রামে গিয়ে দুই পরিবার ছাড়াও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক ডা: নয়ন মুখার্জি। ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সমিতির সম্পাদক মধুসূদন মাহাতো সহ অন্যান্য সদস্যরা। তাঁরা ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতার উদ্যোগ নেন গ্রামে।

