স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মে:
স্ত্রী এবং দুই ছেলে থাকা সত্বেও ঘরের মধ্যে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকল। হোম ডেলিভেরি দিতে আসা ব্যক্তি মৃতদেহের দুর্গন্ধ পেলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।ঘটনাটি রায়গঞ্জ থানার সুর্দশনপুর এলাকায়।
জানাগেছে, রায়গঞ্জের সুর্দশনপুরের বাসিন্দা মনোজ সরকার নামে এক বৃদ্ধ সুর্দশনপুরে একটি বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী রায়গঞ্জের অন্য একটি জায়গায় ভাড়া বাড়িতে থাকেন। দুই ছেলে চাকরি সূত্রে রায়গঞ্জের বাইরে থাকতেন। মনোজবাবুর বয়স প্রায় ৮০ বছর। বাড়িতে একা থাকার সুবাদে হোম ডেলিভারির খাওয়া খান। ওই বৃদ্ধ বাড়ি থেকে খুব বেশি বের হতেন না। আজ দুপুরে হোম ডেলিভারির খাবার দিতে এসেছিলেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও তার কোনও সাড়া মেলেনি। ঘর থেকে পচা দুর্গন্ধ নাকে আসতে হোম ডেলিভারির কর্মীরা ঘটনাটি প্রতিবেশীদের জানান। জানানো হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে ঘর থেকে দেহ উদ্ধার করে। তবে কি কারণে তার মৃত্যু হল সে বিষয়টি নিয়ে প্রতিবেশীরা অন্ধকারে আছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশীদের ধারণা বয়সের কারণে তার মৃত্যু হয়েছে।

