আমাদের ভারত, হাওড়া, ১৪ নভেম্বর: নবীন ও প্রবীণদের মেল বন্ধনের মধ্যে দিয়ে আগামীদিনে জেলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে। সেক্ষেত্রে দলে নবীনদের যেরকম স্বাগত জানাতে হবে সেইরকম পুরাতন কর্মীদেরও অবহেলা করা চলবে না। রবিবার বাগনানে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী থেকে দলীয় কর্মীদের এই বার্তা দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব।
এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, জেলার চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, জেলার সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

এদিনের এই অনুষ্ঠান থেকে দলের ঐক্যের উপর জোর দেওয়া হয়। দলীয় নেতৃত্ব জানান, দলের এই ঐক্যবদ্ধ প্রয়াস বিধানসভা নির্বাচনে জেলায় সবকটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়লাভ করিয়েছে। আর যদি কেউ এই ঐক্যবদ্ধ প্রয়াসে ভাঙন ধরানোর চেষ্টা করে বা তাদের সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধে দলীয় তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা নেতৃত্ব। যারা বিধানসভা নির্বাচনের সময় দল ছেড়ে চলে গিয়েছিল তাদের আর কোনও ভাবেই দলে ফিরিয়ে নেওয়া হবে না, বলে স্পষ্ট জানিয়ে দেন জেলা নেতৃত্ব। এর পাশাপাশি দলের দুর্দিনে যারা দলের পতাকা নিয়েছিলেন তাদের দলে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তৃণমূল নেতৃত্ব।
আগামী বছরের শুরুতেই উলুবেড়িয়া পুরসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিরোধী শূন্য উলুবেড়িয়া পুরসভা গড়ার শপথ নেন দলীয় নেতৃত্ব। এদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রয়াত হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মঞ্জু অধিকারীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

