পাইপ লাইন থেকে তেল চুরি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের জালে ৩

আমাদের ভারত, হাওড়, ২৬ জুন: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরি করার অভিযোগে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে তেল চুরি চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃতেরা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা সুমন বন্দোপাধ্যায় এবং কুসুম প্রধান ও পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা রঞ্জন বাকুলি। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করে। সেইমত বিভিন্ন এলাকায় তারা পাইপ লাইন পাতে। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এই পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগ আসছিল। সম্প্রতি বাগনানের নাউপালা এলাকার পাইপ লাইন থেকে তেল চুরির বিষয়টি জানতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি। বিষয়টি নিয়ে তারা বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তদন্তে নেমে শুক্রবার তিনজনকে গ্রেফতার করে। সূত্রের খবর, পাইপ লাইন থেকে তেল চুরির জন্য দুষ্কৃতীরা নির্জন জায়গা বেছে নিত। পরে একটি নির্দিষ্ট সময়ে পাইপ লাইনে ফুটো করে একটি নজেল লাগিয়ে দিত। পরে সুযোগ বুঝে সেই জায়গা থেকে তেল চুরি করত।

বিষয়টি নিয়ে উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায় জানান, তেল চুরি চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *