আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ মে: পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ও অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে এই প্রতিবেদককে এই মর্মে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের ভারপ্রাপ্ত নিয়ামকের সই করা ওই বিজ্ঞপ্তিতে লেখা চলতি বছরের এমএ, এমএসসি স্নাতকোত্তর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কেবল অফলাইনে নেওয়া হবে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
প্রসঙ্গত, সামনেই শুরু হতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা। অনলাইন না অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা? কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠনপাঠন শুরু হতেই পড়ুয়াদের মনে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই প্রেক্ষিতে পড়ুয়াদের মনের বিভ্রান্তি দূর করতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। তাতে জানানো হয়েছে, পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ পরীক্ষার মাধ্যম ঠিক করার সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হয়েছে। করোনা বিধি মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে কীভাবে পরীক্ষা হবে। উপাচার্যদের চিঠি দিয়ে রাজ্য সরকারের তরফে একথায় জানানো হয়েছে। কিন্তু বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একাংশ অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন।

