পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক সহ আধিকারিকরা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মার্চ: পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বাড়ছে দুর্ঘটনায় ছাত্র ছাত্রীর মৃত্যু। আর তাই দুর্ঘটনা এড়াতে সচেতনতার বার্তা তুলে ধরতে পথে নামলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ প্রশাসনিক আধিকারিকরা।

কোভিডের কারণে দীর্ঘ প্রায় দু’বছর স্কুল কলেজ বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত
৩ রা ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে স্কুল কলেজের পঠন পাঠন। স্কুল কলেজ চালু হওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বাড়ছে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় মৃত্যু ও আহত হচ্ছে স্কুল পড়ুয়ারা। দুর্ঘটনা কমাতে, সচেতনতার বার্তা তুলে ধরতে এবার পথে নামলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির নেতৃত্বে সচেতনতার প্রচারে হাজির ছিলেন, ডিএসপি ট্রাফিক পবিত্র বারিক, অতিরিক পুলিশ সুপার ট্রাফিক শ্রদ্ধা পান্ডে, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক এল আর অর্ণব কোলে, তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন তমলুকের হলদিয়া- মেচেদা ৪১ নম্বর জাতীয় সডকের নিমতৌড়ি থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা স্কুলগুলির পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপার করে দেন জেলাশাসক সহ উপস্থিত আধিকারিকরা। স্কুল শুরু এবং স্কুল শেষ হওয়ার দুটি সময়ে এলাকায় এলাকায় আধিকারিকরা প্রতিদিন উপস্থিত থাকবেন বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *