আমাদের ভারত, ১৪ জুন: মনোনয়নে বাধাপ্রাপ্ত বিজেপি প্রার্থীদের বাসে করে এনে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ বিজেপির। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব সেখানে অবস্থানে বিক্ষোভে বসেন। সুকান্তবাবু বলেন, যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিজেপির মনোনয়নপত্র না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকে উঠবো না।
সুকান্তবাবুর অভিযোগ, রাজ্যের সর্বত্র বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারছেন না। মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে, এমন কি ভয় দেখানো হচ্ছে।” বসিরহাট মহকুমায় যেসব প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারছে না তাদের সঙ্গে নিয়ে আজ বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে যান সুকান্ত মজুমদার। তিনি বলেন, এখানে বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের নমিনেশন দিতে বাধা দিচ্ছে শাসক দল। তাই বাধ্য হয়ে আজকে প্রার্থীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের কাছে এসেছি। প্রার্থীরা যাতে নমিনেশন জমা দিতে পারে তার সব রকম ব্যবস্থা করুক প্রশাসন এই দাবি জানান তিনি। সুকান্তবাবু জানান, বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জির হাতে আমরা প্রার্থী তালিকা তুলে দিয়েছি যাতে খুব দ্রুত সমাধান হয়।
সুকান্তবাবু বলেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া সহ একাধিক জায়গায় আমাদের প্রার্থীরা ঠিকমতো মনোনয়নপত্র জমা দিতে পারছে না। তাদের বাধা ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিডিও অফিসের সামনে গিয়ে ভয় দেখানো হচ্ছে।

সুকান্তবাবুর বলেন, দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জেলা জুড়ে যে তাণ্ডব চলছে তা ভয়ংকর। পুলিশ কি নিরাপত্তা দেবে? রাজ্য চাইলে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেব। এমনিতে কেন্দ্র সরকার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্যকে। আমাদের প্রার্থীদের বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে।
এর পরই এক অভিনব সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার। বসিহাট মহকুমার ন্যাজাট বিডিও অফিসে যে সকল বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে আনার সিদ্ধান্ত নেন। সেই মত তাদের বাসে করে নিয়ে আসেন রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরে। এরপর সেখানে তাদের নিয়ে ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব।

