আমাদের ভারত, কলকাতা, ২৯ জানুয়ারি: সাংবাদিককে অল্লীল মন্তব্য করায় কবীর সুমনের বিরুদ্ধে নেটদুনিয়ায় প্রবল বিতর্ক শুরু হয়েছে। সুমনকে তোপ দাগলেন জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের প্রাক্তন প্রদেশ কার্যকারি সদস্য ডঃ রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
রঞ্জনবাবু এই প্রতিবেদককে জানান, “একজন সাংবাদিক অত্যন্ত ভদ্র ভাষা ও নম্রতার সঙ্গে আমাদের দেশের মাননীয় একজন প্রাক্তন সাংসদকে ফোন করেন এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রের নাম শুনেই ওই সাংসদ তাঁকে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করেন।
এই নিয়ে মন্তব্য করাটা রুচিবোধ-বহির্ভূত। ওই গায়ক তথা প্রাক্তন সাংসদ এর আগেও অসংখ্য বার এমন অশ্লীলতা করেছেন। তাঁর প্রচারের বড় হাতিয়ারই হল অশ্লীলতা। জীবনযাপন থেকে ধর্মীয় বিশ্বাস , রাজনৈতিক অবস্থান থেকে ব্যাক্তিগত সম্পর্ক, শরীরের ভাষা থেকে গায়কী বাগাড়ম্বর— কোনও কিছুতে তাঁর শালীনতা চোখে পড়েনি। তবু অদ্ভুত ভাবে প্রচলিত গণমাধ্যম তাঁকে বাঙালি জীবনের পথপ্রদর্শক বানিয়ে রেখেছিল।
প্রথমে ষাট-সত্তরের উগ্র বামপন্থী সংস্কৃতিকে নব্বইয়ের দশকে ব্যবহার করে শহরে বাজার তৈরি করা এবং পরবর্তীতে প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে উঠে অথবা বাংলাদেশের বাজার ধরার স্বার্থে ধর্ম পরিবর্তন করা— কোনও কিছুতে গায়ক পরিচয়টির সলিল সমাধি রোধ করা সম্ভব হয়নি। ফলে শুরু হয়েছিল অশ্লীলতা, নিতম্বের বর্ণনা দিয়ে যার পথচলা শুরু।
ধন্যবাদ জানাই ওই সাংবাদিক বন্ধুকে যিনি সমাজ মাধ্যমে বিষয়টি প্রকাশ করার সাহস দেখিয়েছেন।”

