ভাইফোঁটার পর পুরভোটের বিজ্ঞপ্তি, ডিসেম্বরে নির্বাচনের আভাস

রাজেন রায়, কলকাতা, ২০ অক্টোবর: করোনা আবহের মধ্যে হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। হয়েছে ১ দফা উপনির্বাচন, আরও একদফা হতে চলেছে আগামী অক্টোবর-নভেম্বরে। কিন্তু বাকি পৌরসভাগুলোতে দীর্ঘদিন ধরে ভোট না হওয়ায় চলছে প্রশাসক মন্ডলী বসিয়ে কাজ। আর সেই কারণে বিরোধী দলের পক্ষ থেকে বারবার পুরভোট করার দাবি উঠছে।

নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এখন কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ রাজ্যের প্রায় ১২৮টি পুরসভায় সরকারের নিয়োগ করা পুরপ্রশাসকরা রয়েছেন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে কলকাতা ও হাওড়া, দুই পুরসভার ভোট করার পর বাকি পুরসভায় নির্বাচন পৃথক দিনে একাধিক পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, পুরভোট করাতে প্রাথমিক ভাবে যে পরিকাঠামো প্রয়োজন তা তৈরির কাজ হয়ে গিয়েছে। আর রাজ্য সরকার পুরভোট করানোর বিষয়ে আলোচনা শুরু করলেই বাকি কাজও শুরু হয়ে যাবে। সে ক্ষেত্রে করোনা সংক্রমণের হারের দিকেও লক্ষ্য থাকবে কমিশনের। তবে সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে দাবি করছে একটি সূত্র। সেটা হলে ওই দুই পুরভোটের ফল প্রকাশ হবে আগামী ২২ ডিসেম্বর। এ ব্যাপারে ভাইফোঁটার পরই বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন।

পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, চার বিধানসভার উপনির্বাচন মিটলেই বকেয়া পুরভোট সেরে ফেলা হবে। ওই চার কেন্দ্রে ভোটগ্রহণ ৩০ অক্টোবর। তবে এখন থেকেই জনসংযোগের কাজে গতি বাড়িয়েছেন কলকাতা এবং সংলগ্ন কিছু পুরসভার কাউন্সিলররা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে তাঁরা ধরেই নিচ্ছেন রাজ্যে উৎসবের মরশুম কেটে গেলেই পুরভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *