নদিয়ার গয়েশপুরে ৬০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ রেল কর্তৃপক্ষের, ট্যাক্স খাজনা দিলেও পাশে নেই রাজ্য সরকার!

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ আগস্ট: “মগের মুলুক” শুনেছেন দেখেছেন কি কখনো? নদিয়ার গয়েশপুর পৌর সভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় ৬০টি পরিবার উচ্ছেদ হতে চলেছে রেল কর্তৃপক্ষের দ্বারা। রেলের জায়গায় বাস করলে উঠে তো যেতেই হবে। হ্যাঁ তা ঠিক! তবে এতদিন পৌর ট্যাক্স, রাজ্য সরকারের খাজনা দিতে হল কি কারণে? হতবাক সকলে! এই নিয়ে এলাকায় চলছে উত্তেজনা।

এলাকাবাসীরা জানান, দীর্ঘ ৫০বছর ধরে এখানে বসবাস করছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে একদিকে মৃত্যু অন্যদিকে মানুষ কর্মহীন। আর তারই মধ্যে তাদের উচ্ছেদের নোর্টিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিশু বৃদ্ধ অসুস্থ রোগী নিয়ে কোথায় বসবাস করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

অথচ রেলের জায়গা বসবাস করা সত্বেও যারা বেআইনি ভাবে এতদিন ধরে ট্যাক্স, খাজনা নিয়েছেন তাদের কাউকে আজ পাশে পাওয়া যাচ্ছে না। জল, রাস্তা, বিদ্যুৎ সব কিছু পাওয়ার পরও আজ রেল তাদের ঘর ভেঙ্গে দিচ্ছে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ। দিশাহীন এলাকাবাসী রয়েছেন অসহায় নিরুপায় ভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *