পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ১৮০৮৬ জন ভোটারের নাম বাতিল হয়ে গিয়েছে। বিবেচনাধীন রয়েছে এক লক্ষ তিন হাজার ভোটারের নাম। এর মধ্যে মেদিনীপুর বিধানসভাতেই রয়েছে ২০০০- এর বেশি ডিলিটেড ভোটার। বিবেচনাধীন রয়েছেন ১১ হাজারের বেশি ভোটার। এমন হয়রানির শিকার হওয়া ভোটারদের নিয়ে মেদিনীপুরের তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।

এদিন তিনি বলেন, “নিছক হয়রানি করা হচ্ছে। চার পাঁচ বার করে শুনানির জন্য ডাকার পর সমস্ত ডকুমেন্টস দেখেও বেশিরভাগ লোকজনের নাম ডিলিটেড তালিকায়, না হলে বিবেচনাধীন করে দেওয়া হয়েছে। যে সমস্ত লোকজন ৪০ বছরের বেশি সময় ধরে ভোট দিয়ে এসেছে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অদূরদর্শিতা ও মানুষকে নির্যাতন করা ছাড়া কিছুই নয়। এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। যারা কেন্দ্রের বিজেপিকে খুশি করতে এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আমাদের নেত্রী ও অভিষেক ব্যানার্জি প্রতিবাদ করেছেন। আমরা পুনরায় সেই প্রতিবাদের শামিল হব।”

এদিন একইভাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ভোটার তালিকাচ্যুত ভোটাররা বিক্ষোভ দেখালেন সাংবাদিকদের সামনে। নির্বাচন কমিশনের অযথা হয়রানির প্রতিবাদ করলেন তারা।

