৩য় তৃণমূল সরকারের বর্ষপূর্তি নয়, ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি, আন্দোলনের তাপ বাড়িয়ে রাজপথে বিরাট মিছিল বিজেপির

আমাদের ভারত, ২ মে: ২ মে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি। আর সেই দিন থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ কয়েকগুণ বাড়ালো পদ্মশিবির। কলকাতার রাজপথে বিরাট মিছিল করলেন পদ্মের নেতারা। বুঝিয়ে দিতে চাইলেন বিজেপি এরাজ্যের প্রধান বিরোধী। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী একসাথে রাস্তায় নামলেন। হাঁটলেন পাশাপাশি। বার্তা দিলেন কোনো অন্তর্দ্বন্দ নয় একাট্টা লড়াইয়ে সামিল বঙ্গ বিজেপি। সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তা নেমে আন্দোলন শুরু করল বিজেপি।

সাম্প্রতিককালে বিজেপির অন্দরে দিলীপ বনাম সুকান্ত এই ভাবনা তৈরি হয়েছে বলে তথ্য উঠে আসছিল। কিন্তু সেই তথ্যকে আজ মিথ্যে প্রমাণ করে প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যের শাসকদলের শক্তিশালী অবস্থানের কথা মনে করাল পদ্মশিবির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোমবার কলকাতায় ‘গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প মহামিছিল’ এর ডাক দেয় বিজেপি। ২০২১ সালে আজকের দিনের জিতে সরকার গড়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি নেতৃত্ব এই দিনটাকে ভোট-পরবর্তী হিংসার বর্ষপূর্তি হিসেবে দেখছে। কারণ ২ মে ভোটের ফল ঘোষণার পর থেকে লাগাতার হিংসায় নিহত হয়েছেন বহু বিজেপি কর্মী, ঘরছাড়া হয়েছিলেন কয়েক হাজার।

আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছিল মিছিল। শেষ হয় রানী রাসমণি রোডে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ১৫ দিনের ম্যারাথন কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। আগামীকাল দুপুর একটা থেকে গান্ধী মূর্তির পাদদেশে অনশন সত্যাগ্রহের কর্মসূচিতে বসবে বিজেপি নেতৃত্ব।‌একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করতে নামবে দলের বিধায়ক সাংসদরা।

আগামী ৪মে থেকে ৬মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সফরের পর ৭ মে শহীদ সম্পর্ক অভিযান রয়েছে বিজেপির। ওই সময় ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবে বিজেপি নেতারা। এ ছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে পদ্ম শিবিরের।

মধ্যবর্তী সময়ে মনে করা হচ্ছিল, বিজেপি কোনও ধারাবাহিক আন্দোলন করছে না। রাজ্য, জেলা নেতৃত্ব ঘরে বসে রয়েছে, কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু আজকের এই বিরাট মিছিল থেকে তার পাল্টা জবাব দিল সুকান্তের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল যে বিজেপি এবং তারা বিরোধী দলের দায়িত্ব যে যথার্থভাবেই পালনের চেষ্টা করছে তা বারবার উঠে এসেছে সোমবারের এই মিছিলের তীব্র স্লোগান থেকে।

মিছিল শেষে দলীয় নেতৃত্ব জানান, উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখে সপ্তাহজুড়েল কর্মসূচিতে বক্তব্য রাখবেন অমিত শাহ। মালদা থেকে আলিপুরদুয়ারের লাখ লাখ কর্মী সেখানে সমবেত হবে। এছাড়াও ৮মে নন্দীগ্রামে পালিত হবে ‘স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি।’ ঐদিন নন্দীগ্রামে ১৫ হাজার মানুষ ৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন। মাথায় তিলক কেটে, শঙ্খ বাজাতে বাজাতে মিছিল করে ‘স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি’ পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *