আমাদের ভারত, শ্রীরূপা চক্রবর্তী: ব্রিগেড মানে টকটকে লাল মঞ্চ, ব্রিগেড মানে লাল ঝাণ্ডার মিছিল, ব্রিগেড মানে “আহ্বান, শোন আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে”। কিন্তু এবার লালে লাল হয়ে থাকা ব্রিগেডের সেই ময়দানে নানা রঙের রঙিন বসন্তের আগমন। লাল ঝাণ্ডার মাঝেই উড়েছে হাত চিহ্ন আঁকা তেরেঙ্গা। উড়েছে পিরজাদা আব্বাস সিদ্দিকীর দলের পতাকা। উড়েছেন নীল সবুজ সাদা পতাকা। নিজেদের ব্যাতিক্রমী পরিচয় দেওয়া বামেদের ব্রিগেডে এবার সভা পরিচালনা করতে দেখা গেছে টলি-সেলেব্রিটিদের। বরাবর ব্রিগেড মঞ্চে শুধু কেন্দ্রীয় ও রাজ্যস্তরের বাম নেতৃত্ব ছাড়া কাউকে দেখা যেতো না সেখানে এবারের মঞ্চে দেখা গেছে একঝাঁক বাম তরূণ প্রজন্মকে। তবে বাম সমর্থকদের কাছে এই রঙিন বিগ্রেড কতটা স্বস্তিদায়ক তা বলে দেবে ভোটের ফলাফল।

ব্রিগেডের মঞ্চের মাথায় লেখা, “আমরাই বিকল্প, আমরাই ধর্মনিরপেক্ষ, আমরাই ভবিষ্যৎ”। হরেক রঙের মিলনে এবারের ব্রিগেড সমাবেশ সত্যিই ব্যতিক্রমি ও নজিরবিহীন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে একজোট হতে গিয়ে লাল পতাকায় ঢেকে থাকা ব্রিগেড ময়দান আজ নীল সাদা সবুজ গেরুয়া পতাকায় আন্দোলিত হয়েছে। আজকের সমাবেশের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এই ভিড় কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে সে জবাব দেবে সময়। একইসাথে বাম সমর্থকদের কাছে এই রঙিন বিগ্রেড কতটা স্বস্তিদায়ক তাও বলে দেবে ভোটের ফলাফল।

এবারের ব্রিগেড থেকে মহাজোটের স্পষ্ট বার্তা দিয়েছেন বাম কংগ্রেস সিদ্দিকীরা। বলেছেন সম্মিলিত লড়াইয়ের ময়দানে তারা বিজেপি এবং তৃণমূলকে চ্যালেঞ্জ জানালেন। বামেদের ব্রিগেড মঞ্চে দাঁড়িয়ে অধীর চৌধুরী দাবি করলেন একুশে বাংলায় সরকার গড়বে সংযুক্ত মোর্চা। আব্বাস সিদ্দিকী হুঙ্কার দিলেন দিদিকে জিরো করে দেবেন। সূর্যকান্ত বললেন তারা একসাথে মানুষের সরকার গড়বেন।
বামেদের ব্রিগেডে এএসএফ সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই ব্রিগেডকে সংযুক্ত মোর্চা বলে অভিহিত করেছেন তৃণমূল-বিজেপি বিরোধীরা। তারা প্রত্যেকেই প্রচার তুঙ্গে তুলে লড়াইয়ের ময়দানে এই জোট বলিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন।
শুধু অধীর চৌধুরী, আব্বাস সিদ্দিকী নয়, খানিকটা স্রোতে গা ভাসিয়ে বামেদের ব্রিগেডে এবার সেলেবদের উপস্থিতিও ছিল নজরকাড়া। এবার টলিউডে রাজনৈতিক হাওয়া বেশ ভালই লেগেছে। প্রতিদিনই কেউ না কেউ নাম লেখাচ্ছেন জোড়া ফুলে অথবা পদ্মফুলে। এরইমধ্যে ধারাবাহিকভাবে “লাল ফেরাও হাল ফেরাও”-তে ভরসা রাখা সেলেবদের এবার দেখা গেল একেবারে ব্রিগেডের মঞ্চে। অভিনেতা বাদশা মৈত্রকে দেখা গেল সভা সঞ্চালনার কাজে। শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জী, দেবজ্যোতি মিশ্র, সৌরভ পালোধি, দেবদূত ঘোষ সহ এক ঝাঁক টলি তারকাদের দেখা গেছে আজ ব্রিগেড মঞ্চে। গানে কবিতায় তারা সব মানুষের পাতে গরম গরম ভাতের কথা বলেছেন। প্রত্যেকের কর্মসংস্থান, খাবার, বাসস্থানের কথা বলেছেন।


ব্যতিক্রমী ভাবে এবারের মঞ্চে দেখা গেছে, বামেদের যুব নেতৃত্বকেও। শতরূপ থেকে ঐশী, এই সময় যাদের হাত ধরে বাম যুব ছাত্র আন্দোলন গতি পেয়েছে তারাও এবার ছিলেন ব্রিগেডের মঞ্চে যা এর আগে হয়নি। তরুণ ভোটারদের ধরার এই কৌশল বামেরা এই প্রথম ব্রিগেডে কাজে লাগালেন। তবে লাল-এর বদলে এই রঙিন ব্রিগেড বিরোধীদের ভোটবাক্সে কতটা অক্সিজেন যোগান দেয় তাই এখন দেখার।

