এখনই নয় ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ, দ্বিতীয় ডোজেই অগ্রাধিকার স্বাস্থ্য দফতরের

রাজেন রায়, কলকাতা, ১ মে: একদিকে রাজ্যে শুরু হয়েছে ভ্যাকসিনের আকাল। এরমধ্যে বাকি রয়েছে ৪৫ ঊর্ধ্ব বয়সীদের দ্বিতীয় ডোজের টিকাকরণ। তাই পরিস্থিতি সামাল দিতে পরিকল্পনা কিছুটা বদল করতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর।

জানানো হয়েছে, এ রাজ্যে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন, পাওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই। টিকা যদি আসে, সেক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে ৪৫ ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সরকারি ও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের অন্যতম সচিব সৌমিত্র মোহন। ১ মে থেকে আবার ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত টিকার অভাবে আপাতত সেই কর্মসূচি শুরু হচ্ছে না।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে ২ কোটি ডোজ চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩ মাসে যতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, সেই হিসেবে টিকা পাঠাবে তারা। প্রথম মাসে ১০ লাখ কোভিশিল্ড চলে আসারও সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার বদলে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের মধ্যে কতজনের দ্বিতীয় ডোজ বাকি আছে, সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। শুধু তাই নয়, স্বাস্থ্য দফতরকে জানিয়ে প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে টিকা কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *