আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ আগস্ট: নতুন কোনো কাজ নয়, জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পুরনো কাজ সম্পূর্ণ করতে জোর দিলেন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী হওয়ার পর প্রথম বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে বসলেন মন্ত্রী।
জলপাইগুড়ি জেলায় এই মুহূর্তে ১৬টি উন্নয়ন মূলক কাজ চলছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে। কাজগুলির মধ্যে রয়েছে সেতু, মার্কেট কমপ্লেক্স, রাস্তা সহ বিভিন্ন কাজ। কিছু কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে, আবার কিছু কাজ অল্প বাকি রয়েছে। এই ধরণের কাজ কেন আটকে আছে সেই বিষয়ে আলোচনা করলেন মন্ত্রী। যে সব কাজ বন্ধ হয়ে আছে সবটাই খতিয়ে দেখে দ্রুত তা শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, “দিন বাজারের দোকান নিতে চাইছেন না ব্যবসায়ীরা। ট্রান্সফরমারের সমস্যা রয়েছে। পার্কিংয়ের যদি সমস্যা থাকে সেটা পরিকল্পনার সমস্যা হতে পারে৷ দিন বাজারের সমস্যা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ দিনের বৈঠকে ছিলেন জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এছাড়া জেলার প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা।

