“পার্টিতে সবাই একমত হয় না”, বনগাঁ সাংগঠনিক জেলায় ৫ বিধায়কের বিজেপির এমএলএ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: গ্রুপ ছাড়াটা কোনও খবর হতে পারে না।কত লোক প্রতিদিন কত গ্রুপে ঢুকেছে আবার গ্রুপ থেকে বেরিয়েও যাচ্ছে। পার্টিতে সবাই একমত হয় না। পার্টির ব্যাপারে কারো কিছু বলার থাকলে সেটা পার্টির ভেতরেই বলা উচিত বলে বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির বিভিন্ন গ্রুপ থেকে এমপি, এমএলএ সহ বিভিন্ন নেতৃত্বের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রবিবার এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি খড়্গপুরে বিজেপি কর্মীদের এক চা-চক্রে হাজির ছিলেন। চা চক্রের আয়োজন করা হয়েছিল খড়্গপুর শহরের বত্রিশ নম্বর ওয়ার্ডের আরামবাটি এলাকায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া দেন। 

এদিন করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বিশেষজ্ঞরা যেভাবে কেন্দ্রীয় সরকারকে তথ্য দিচ্ছেন কেন্দ্রীয় সরকার ঠিক সেভাবেই ভ্যাক্সিনেশনের কাজ করে চলছে। কেন্দ্রীয় সরকার ব্যাপক হারে ভ্যাকসিনেশনের কাজ করেছে বলেই আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যপালের প্রসঙ্গ টেনে মেদিনীপুরের সাংসদ বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যপাল পদটি রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতে যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *