জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ আগস্ট:
বুধবার রাম মন্দিরের ভূমি পূজার দিন এ রাজ্যে পুলিশের অতি সক্রিয়তাকে কটাক্ষ ও নিন্দা করেছে বিজেপি। এদিন লকডাউন সফল করতে ঝাড়গ্রাম
জেলাজুড়ে কড়া নজরদারি ছিল পুলিশের। জেলার সমস্ত ব্লকের প্রধান রাস্তাগুলি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম শহরের প্রধান রাস্তা এবং অলিগলিতে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ঝাড়খন্ড ও ওড়িশা সীমান্তেও পুলিশ বাহিনী নজরদারি চালিয়েছে। লকডাউনের কঠোরতায় ঝাড়্গ্রাম শহরে ও জেলায় রাম ভক্তরা সেভাবে পুজো করতে পারেনি। দু’একটি জায়গায় পুজোর আয়োজন করা হলেও পুলিশ গিয়ে তা বানচাল করে দেয়।

বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথি জানিয়েছেন, প্রশাসনের পুরোটাই পূর্বপরিকল্পিত। স্বাস্থ্যবিধি মেনেই মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূজা আরাধনায় যোগ দিতে চেয়েছিলেন। তা আটকানোর জন্য এতদিন নাক ডেকে ঘুমিয়ে পড়া এই সরকারের দলদাস পুলিশ বুধবার রাস্তায় নেমে এল। জেলায় ত্রিশ বত্রিশ জন আক্রান্ত হওয়ার পরেও জেলায় কোনও কন্টাইনমেন্টের ব্যবস্থা না করে এতদিন শুধু তথ্য লুকোতে ব্যস্ত ছিল প্রশাসন।

