রাজেন রায়, কলকাতা, ১ নভেম্বর: সব রকম বাজি নিষিদ্ধ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশিকা সম্পূর্ণ বজায় রাখল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে খারিজ করে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা হোক। পরিবেশ বান্ধব বাজিই বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।
শীর্ষ আদালতের দাবি, এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুটি রুজি। আর তাই সব রকম বাজি নিষিদ্ধ করে দেওয়া সঠিক নয়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আতসবাজি উন্নয়ন সমিতি। বিচারপতি এনএম খানউইলকর ও বিচারপতি অজয় রাস্তোগীরের বেঞ্চে আজ ছিল সেই মামলার শুনানি।
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, পরিবেশের পরিস্থিতি অনুকূল থাকলে পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। সেই নির্দেশ সব রাজ্যের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত। তাই পশ্চিমবঙ্গ সরকারকেও সেই নিয়ম মানতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ে খুশি আতসবাজি ব্যবসায়ীরা। আতসবাজি ব্যবসায়ী সংগঠনের নেতা বাবলা রায় এ দিন বলেন, কলকাতা হাইকোর্ট ভুল রায় দিয়েছিল। সেই রায় খারিজ করে দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিম কোর্টকে। তিনি মনে করেন, এটা শুধু ৩১ লক্ষ ব্যবসায়ীর জয় নয়, এটা বাংলার মানুষের জয়। তাই বাংলার মানুষকে সরকারি নির্দেশ মেনে, নির্ধারিত সময়েই বাজি ফাটানোর আর্জি জানান তিনি। তিনি আরও জানান, এ রাজ্যে পরিবেশ বান্ধব বাজির কোনও অভাব নেই।

