স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৪ জুন: ভোটের আগে ফের ভাঙন তৃণমূলে। দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি। টিকিট পাওয়া নিয়ে ক্ষোভের কারণে তৃণমূল ছাড়লেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাদ বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতার। যোগ দিলেন জাতীয় কংগ্রেসে।
বুধবার ইসলামপুরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। দল ছাড়ার আগে অনুগামীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আকতার। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন জাভেদ আকতার। তার অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে এখানে। তিনি টাকা দেননি৷ তাই তাঁকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ পঞ্চায়েত নির্বাচনের মধ্যে এই বড়সড় ভাঙনে রীতিমতো অস্বস্তিতে শাসক দল৷
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে জানিয়েছেন, “এর আগে দল ওনাদের টিকিট দিয়েছিল এবং সহ সভাধিপতির মত পদও দিয়েছিল। এবারে দল ওনাদের টিকিট দেয়নি বলে অন্যদলে চলে গেলে, কিছু বলার নেই।”

